বগুড়া মহানগরজুড়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান

বগুড়া মহানগরজুড়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান

শহর প্রতিনিধি (বগুড়া): যানজট নিরসন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বগুড়া মহানগরীতে অভিযান পরিচালনা করেছে বগুড়া সিটি কর্পোরেশন। পুলিশ, স্বেচ্ছাসেবক ও সিটি কর্পোরেশনের নিজস্ব গার্ড বাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা. জাহাঙ্গীর অলম। অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের বাজার পরিদর্শক আব্দুল হাই, স্বাস্থ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান।

সরেজমিনে দেখা যায়, আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল থেকে মহানগরের জিরো পয়েন্ট সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার থেকে শুরু হয় এই অভিযান। কাজী নজরুল ইসলাম সড়কের পশ্চিম পাশের সড়ক হয়ে সদর থানা মোড় পর্যন্ত প্রায় প্রতিটি দোকানের সামনে সড়কে পরে থাকা বর্জ্য অপসারণের জন্য স্থায়ী দোকানীদের সতর্ক করা হয় । অন্নপূর্না হোটেলের গলির মুখে ফুটপাতের ওপর দোকান বসানোয় কয়েকজন ভাসমান দোকানীকে ভৎর্সনা করেন।

মূল সড়কের ওপর দোকান বসালে স্থায়ী দোকনীদের ভবিষ্যতে জরিমানার আওতায় আনা হবে বলে স্থায়ী দোকানীদের সতর্ক বার্তা প্রদান করেন। এসময় কয়েকটি ফুটপাতের দোকানীর ডিজিটাল ওয়েট স্কেল, ফলের ক্যারেট, ঝাঁকি সহ খুচরা মালামাল জব্দ করা হয়। ইলেকট্রনিক্স তৈজসপত্রের দোকান সিঙ্গার শো-রুম, খাজা কনফেকশনারি সহ কয়েকটি দোকানের পরিচালকদের দোকানের সামনে ডাস্টবিন রাখার নির্দেশনা প্রদান করেন।

মাইশা কেক হাউজ নামের একটি খাবারের দোকনের সামনে পলিথিন, প্লাস্টিকের প্যাকেট, কেকের বর্জ্য থাকায় সতর্ক করে দোকানীকে অতিদ্রুত পোর্টেবল ডাস্টবিন রাখারও নির্দেশনা প্রদান করেন। বগুড়া সদর থানার সীমানা ঘেঁষে গড়ে ওঠা রং-হার্ডওয়্যার মার্কেটের সামনে অটো রিকশা দাঁড়ানোর ব্যাপারে দোকান মালিক, প্রতিনিধিদের সতর্ক করা হয়।

বগুড়া হার্ডওয়্যারের স্বত্ত্বাধিকারী মো. মেহেদী হাসান এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অটোরিকশার চালকদের নিষেধ করলে তারা দোকানীদের নান হুমকি ধামকি দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে যানজট নিরসনে ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করেন।

এদিকে, মহানগরের ১নং রেল ঘুমটি সংলগ্ন সেলিম হোটেল এন্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক ফারুকের কাছ থেকে সিটি কর্পোরেশনের মূল ড্রেনের ওপর খাবারের র‌্যাক, গ্যাসের চুলা সহ রান্নার নানা অগ্নি ঝুঁকি সম্পন্ন মালামাল রাখায় ভবিষ্যতে এধরনের কর্মকান্ড আর না করতে লিখিত অঙ্গীকার আদায় করা হয়। 
 
এছাড়াও ২ এবং ৩ নং রেলগেটর মাঝে রেলওয়ে জিয়া মার্কেটের দোকানীদের মালামাল রেল লাইনের ওপর রাখায় এবং সিগন্যাল পয়েন্টে অস্থায়ী দোকানীদের প্রথমবারের মতো সতর্ক করেন। চাঁদনী বাজার সড়কের কাঁঠালতলা মোড়ে স্থায়ী দোকানী, ছাতাপট্টি মার্কেটের সামনে লোডিং আনলোডিং করা ভ্যান শ্রমিক এবং ভ্রাম্যমাণ ফল-সবজি ব্যবসায়ী সহ পথচারীদের উদ্দেশ্যে সিটি কর্পোরেশনের সতর্ক বার্তা প্রদান করেন। তিনি জানান, বগুড়া সিটি কর্পোরেশনের নাগরিকদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সড়ক উন্মুক্ত থাকবে যানবাহন চলাচলের জন্য এবং ফুটপাত থাকবে পায়ে হাঁটার জন্য।

সিটি কর্পোরেশনের আজকের অভিযান সতর্কতা নির্দেশনা ও প্রচারণামূলক বলেও তিনি উল্লেখ করেন। বগুড়া মহানগরীকে যানজট মুক্ত রাখতে এবং পরিচ্ছন্ন নগরী গড়তে সড়কে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে, ডাস্টবিনে ময়লা ফেলে মহানগরকে পরিচ্ছন্ন করতে সকলের সহযোগিতাও কামনা করেন।

সন্ধ্যায় অভিযান পরিচালনা শেষে ফতেহ আলী বাজারের প্রবেশদ্বারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে পরিচ্ছন্নতা আনায়নে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন, সেই আলোকে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মহানগরবাসীকে যানজটের ভোগান্তি থেকে মুক্ত করতে বগুড়া সিটি কর্পোরেশন বদ্ধ পরিকর। আগামীতে কেবলমাত্র সতর্কবার্তা নয় প্রয়োজনবোধে জরিমানা আদায়সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178001