বগুড়ার সোনাতলায় সড়কের বেহাল অবস্থা, দুর্ভোগ চরমে

বগুড়ার সোনাতলায় সড়কের বেহাল অবস্থা, দুর্ভোগ চরমে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এবং অতি বর্ষণের কারণে গুরুত্বপূর্ণ অধিকাংশ সড়কেরই বেহাল দশা হয়েছে। সড়কগুলো বর্তমানে যান চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। সোনাতলা উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার না করায় এবং চলতি বছরের অবিরাম বর্ষণে সড়কগুলো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সড়কগুলো হচ্ছে সোনাতলা সদর ইউনিয়নের মাগুড়া দহপাড়া রেলগেট থেকে চামুরপাড়া রেলগেট, জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া রেল ক্রসিং থেকে ধর্মকূল, শিচারপাড়া থেকে পাতিলাকুড়া, হাট করমজা থেকে ধলিরচর, গনসারপাড়া থেকে শেখাহাতী ঈদগাহ মাঠ, গোসাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গোসাইবাড়ী ঈদগাহ মাঠ, শিহিপুর থেকে মৃধাপাড়া, চরপাড়া ভায়া ঠাকুরপাড়া হয়ে হাট করমজা, ভেলুরপাড়া থেকে লোহাগাড়া, দিগদাইড় ইউনিয়নের কর্পূর বাজার থেকে বারঘরিয়া, তেকানী চুকাইনগর ইউনিয়নের তেকানী চুকাইনগর থেকে মহেশপাড়া, তেকানী চুকাইনগর থেকে বংশবাড়িসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা হয়েছে।

এতে করে স্বাভাবিক যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে করে পথচারীদের দুর্ভোগ চরমে উঠেছে। অপরদিকে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা সঠিক সময়ে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চলতি অর্থ বছরে সড়ক সংস্কারের বরাদ্দ পাওয়া গেলেই ক্ষতিগ্রস্থ সড়কগুলো সংস্কার করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177998