সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে সিয়াম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সিয়াম উপজেলার চান্দাইকোনা শেখপাড়া এলাকায় আকরাম হোসেনের ছেলে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে চান্দাইকোনা এলাকায় এ ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাড়ির পাশের পুকুরে সমবয়সী কয়েকজন শিশুর সাথে গোসল করতে নামে সিয়াম। গোসল শেষে অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সিয়াম বাড়িতে ফিরে আসেনি।
পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় সিয়ামের মরদেহ দেখতে পান তারা। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এবিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177996