রিয়ালের সবচেয়ে দামি সাইনিং হতে যাচ্ছেন তরুণ দিওমান্দে
স্পোর্টস ডেস্ক : অবশেষে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ইয়ান দিওমান্দে। সংবাদ মাধ্যম ইএসপিএন জানিয়েছে, আইভরি কোস্টের এই উইঙ্গারের সঙ্গে স্প্যানিশ জায়ান্টদের ব্যক্তিগত সমঝোতা হয়ে গেছে। আজকালের মধ্যেই জার্মান ক্লাব লাইপজিগ থেকে বার্নাব্যুতে যোগদানের আনুষ্ঠানিকতা সারতে পারেন তিনি।
একটি সূত্র থেকে ইএসপিএন জেনেছে, সময়ের অন্যতম সেরা এ প্রতিভাকে ১৩৫ মিলিয়ন ইউরোতে দলে নিচ্ছে রিয়াল। এর মধ্যে ১১৫ থেকে ১২০ মিলিয়ন ইউরো মূল ট্রান্সফার ফি, বাকিটা এড-ওন্স। যদি ১৩৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে দিওমান্দেকে দলে নেওয়া হয়, তাহলে সেটা হবে রিয়ালের রেকর্ড। রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফিতে কেনা খেলোয়াড় হলেন এইডেন হ্যাজার্ড। ২০১৯ সালে ১১৫ মিলিয়ন ইউরোতে চেলসি থেকে রিয়ালে গিয়েছিলেন বেলজিয়ান এ প্লেমেকার। ২০২৩ সালে ১০৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে কেনা জুড বেলিংহাম আছেন দ্বিতীয় স্থানে। ১০১ মিলিয়ন ইউরোতে কেনা গ্যারেথ বেল আছেন তৃতীয় স্থানে।
লাইপজিগের জার্সিতে গত মৌসুমে বুন্দেসলিগায় নজরকাড়া পারফরম্যান্স করেন দিওমান্দে। ১২টি গোল ও ৮টি অ্যাসিস্ট করে বুন্দেসলিগার সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছিলেন। তার নৈপুণ্যেই লাইপজিগ লিগে তৃতীয় হয়েছিল। এরপর আইভরি কোস্টের হয়ে সদ্যসমাপ্ত বিশ্বকাপে দারুণ পারফর্ম করেন। নরওয়ের কাছে হেরে ‘শেষ ৩২’ থেকে বাদ পড়া আইভরি কোস্টের হয়ে বিশ্বকাপে ১১টি সুযোগ তৈরি করেছিলেন এই উইঙ্গার।
১৯ বছর বয়সী এ প্রতিভাকে প্রথমে লিভারপুল কেনার আগ্রহ প্রকাশ করেছিল। গত জুনে অলরেডদের ১১৬ মিলিয়নের প্রস্তাব নাকচ করে জার্মান ক্লাব। পিএসজিও তাকে পাওয়ার চেষ্টা করেছিল। সবাইকে টেক্কা দিয়ে আইভরিয়ান এ প্রতিভাকে দলে নিতে যাচ্ছে রিয়াল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177921