শহরের ১৫ কিলোমিটার দূরে পৌঁছে গেছে আগুন

শহরের ১৫ কিলোমিটার দূরে পৌঁছে গেছে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর বোর্দোর মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে গেছে ভয়াবহ দাবানল। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন শহরের মেয়র থমাস কাজেনাভ। ঝুঁকি এড়াতে বিপুলসংখ্যক মানুষকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সবচেয়ে ভয়াবহ দাবানল। তিনি জানান, তাপমাত্রা ও বাতাসের কারণে পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ।

এ পর্যন্ত ফ্রান্সে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু জিরোন্দ অঞ্চলে প্রায় ৪২ হাজার হেক্টর জমি পুড়ে গেছে এবং ২৪০টি বাড়ি ধ্বংস হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ মঙ্গলবার (২৮ জুলাই) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা আগুন নিয়ন্ত্রণের কাজ আরও কঠিন করে তুলবে।

একই সময়ে প্রতিবেশী স্পেনেও ভয়াবহ দাবানল চলছে। মাদ্রিদের পশ্চিমাঞ্চলে আগুনে ১ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ২৭ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে এবং আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু জানিয়েছেন, দেশটি অভূতপূর্ব দাবানল মৌসুম পার করছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৮৫ হেক্টর এলাকা পুড়ে গেছে এবং ১৩ হাজার ৫৬৬টি দাবানলের ঘটনা নথিভুক্ত হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ১০টির মধ্যে ৯টি দাবানলই মানুষের কারণে সৃষ্টি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে অসতর্কভাবে ফেলে দেওয়া সিগারেট, বারবিকিউ বা নিরাপত্তাবিধি না মেনে কাজ করার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177893