মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের সহায়তায় আগ্রহী যুক্তরাষ্ট্র

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের সহায়তায় আগ্রহী যুক্তরাষ্ট্র

মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবারের কল্যাণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং সংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয় জানায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল প্রোফাইলিংয়ের মাধ্যমে নির্ভুল তালিকা তৈরির কাজ চলছে।

আলোচনায় জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের আওতায় ৮৪৩ জন শহীদ এবং ১৫ হাজার ৩০ জন আহতের তথ্যভাণ্ডার প্রস্তুত করা হয়েছে। শহীদ পরিবারের জন্য ৩০ লাখ টাকা অনুদান ও মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া আহতদের ক্যাটাগরি অনুযায়ী এককালীন অনুদান, মাসিক ভাতা এবং ইতোমধ্যে ১৫৪ জন গুরুতর আহতকে সরকারি খরচে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চলতি অর্থবছরে এ খাতে ৪৪৮ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ইতিহাস সংরক্ষণে তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং পুনর্বাসন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস ও স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের অভিজ্ঞতা তুলে ধরে বাংলাদেশের ইতিহাস সংরক্ষণে প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানান।

বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতের হাতে বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক ঘটনাবলি বিষয়ক কয়েকটি স্মারকগ্রন্থ এবং উপহারসামগ্রী তুলে দেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177887