আওয়ামী লীগের মতো বিএনপিও ‘ভোট ইঞ্জিনিয়ারিংয়ের’ নীলনকশা করছে: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগের মতো বিএনপিও ‘ভোট ইঞ্জিনিয়ারিংয়ের’ নীলনকশা করছে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, আওয়ামী লীগের মতো বিএনপিও নির্বাচনে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির নীলনকশা তৈরি করছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তা মোড়ে জেলা এনসিপির আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক নিয়োগ দিয়ে নিরপেক্ষতা নষ্ট করা হচ্ছে। জনগণ যাদের লাল কার্ড দেখিয়ে প্রত্যাখ্যান করেছে, বিএনপি ক্ষমতায় এসে তাদেরই বিভিন্ন দপ্তরের প্রশাসক হিসেবে বসাচ্ছে। অতীতে ভোটাধিকার হরণের যে সংস্কৃতি ছিল, তার পুনরাবৃত্তি ঠেকাতে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত রাখার দাবি জানান তিনি।

প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি বলেন, পুলিশ, প্রশাসন ও গণমাধ্যমকে কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করে জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি চাকরিতে নিয়োগ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তিনি যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন। তিনি সুশাসন, জবাবদিহি ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সংস্কার প্রস্তাবগুলোর ওপর গণভোট আয়োজনের আহ্বান জানান। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পথসভায় জানানো হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে এনসিপি। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে দলের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের নাম ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন জেলা সদস্যসচিব আনাসগীর হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মো. আলী রুকনুদ্দীন যতন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177877