গল্প ভালোলাগছে না বিধায় সিনেমা করছেন না পূর্ণিমা

গল্প ভালোলাগছে না বিধায় সিনেমা করছেন না পূর্ণিমা

বিনোদন ডেস্ক ঃ বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো ‘আহারে জীবন’। এরপর তার অভিনীত আর কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি। মুক্তির অপেক্ষায় যদিও বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সিনেমাগুলোর কিছু কাজ বাকী আছে বিধায় সেগুলো আর মুক্তি পাচ্ছেনা। আবার এই সময়ে তাকে নতুন কোনো সিনেমাতেও দেখা যাচ্ছে না। এর নেপথ্যর কারণ ব্যাখা করতে গিয়ে পূর্ণিমা বলেন,‘ এখনো কিন্তু আমি অনেক সিনেমাতে কাজের প্রস্তাব পাই। কিন্তু গল্প যদি পছন্দ না হয় করার জন্য করা-এমনটা করতে চাই না আমি। গল্প পছন্দ হতে হবে, চরিত্র পছন্দ হতে হবে। তারপরও অন্যান্য বিষয়তো থাকেই। সবমিলিয়ে ব্যাটে বলে হলেই সিনেমাতে অভিনয় করবো। কারণ আমিতো সিনেমারই মানুষ, সিনেমাতে অভিনয় করেই কিন্তু আমি আজকের পূর্ণিমা। তাই এখনো আমি ভালো গল্পের অপেক্ষায় থাকি। হতে পারে ক্যারিয়ারের শুরুর দিকে গল্প-চরিত্রের দিকে খুউব বেশি মযেনাযোগ দিতে পারিনি। কিন্তু তারপরও আমার শুরুটা সুন্দর গল্পের সিনেমা দিয়ে হয়েছিলা, এ জীবন তোমার আমার- সিনেমার কথা বলছি। এছাড়াও আমার অভিনীত প্রায় প্রতিটি সিনেমারই গল্প সুন্দর ছিলো। মান্না ভাই থেকে শুরু করে রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খান’সহ আরো অনেকের বিপরীতে আমি অভিনয় করেছি। সেসব সিনেমা দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করেছেন। এখন সময় বদলেছে, সিনেমা নির্মাণেও পরিবর্তন এসেছে। সবমিলিয়ে আমিও যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। সময় যখন হবে নতুন সিনেমাতে অবশ্যই দেখা যাবে। কারণ আমার ভক্তরাও আমার অভিনীত নতুন সিনেমা দেখার অধীর অপেক্ষায় আছেন। দেখা যাক কবে সেই শুভ দিন আসে।’

এদিকে পূর্ণিমাও এখন বিভিন্ন প্রতিষ্ঠানের শো-রুম উদ্বোধনে বেশ ভালো সময় কাটাচ্ছেন। পাশাপাশি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা মাঝে কিছুদিন উপস্থাপনা নিয়েও বেশ ব্যস্ত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177861