পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা, নিবন্ধিত যান ১ হাজার

পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা, নিবন্ধিত যান ১ হাজার

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে। একই সঙ্গে এই ব্যবস্থায় নিবন্ধিত যানবাহনের সংখ্যা ১ হাজার অতিক্রম করেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুলাই পর্যন্ত ইটিসির মাধ্যমে মোট ১০ কোটি ৮ লাখ ২৪ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে। একই সময়ে ইটিসিতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮টি। পরিষেবাটি চালুর পর থেকে এ পর্যন্ত ৫৬ হাজার ৪০৬টি যানবাহন ক্যাশলেস পদ্ধতিতে টোল পরিশোধ করে পদ্মা সেতু পার হয়েছে।

 

এ প্রসঙ্গে সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সড়ক পরিবহণে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে এবং ইটিসির মাধ্যমে যানবাহনের টোল আদায় করত: জনগণকে স্বস্তি ও স্বাচ্ছন্দ্য প্রদানের নিমিত্ত মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সার্বক্ষণিক দিকনির্দেশনা, নিবিড় তদারকি এবং প্রয়োজনীয় পরামর্শের কারণে পদ্মা সেতুতে আধুনিক অটোমেটেড টোল কালেকশন ব্যবস্থা অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে।

 

বর্তমানে ‘ট্যাপ’, বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে। 

ইটিসি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট অ্যাপের ‘ডি-টোল’ অপশনে গিয়ে মোটরযান নিবন্ধন, প্রয়োজনীয় অর্থ রিচার্জ এবং প্রথমবার মাওয়া টোল প্লাজার নিবন্ধন বুথ বা টোল বুথে বিআরটিএ অনুমোদিত আরএফআইডি ট্যাগ যাচাই করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে আলাদা কোনো আরএফআইডি ট্যাগ ছাড়াই ইটিসি লেন ব্যবহার করে সেতু পার হওয়া যাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177860