পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন অংশ ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম। গত রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।
আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। গ্রেফতারকৃতরা হলো- পাবনা সদর উপজেলার চর ঘোষপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে উজ্জল হোসেন(৩৮), একই গ্রামের আবেদ প্রামাণিকের ছেলে জীবন(২৮), সিংগা বাজার এলাকার শামজাদ ফকিরের ছেলে আরমান ফকির(৩৮), গঙ্গারামপুর গ্রামের গোলাম মোস্তফার রতনের ছেলে জহুরুল ইসলাম(৩০), পয়দা রহিমপুর গ্রামের তোরাব ফকিরের ছেলে দুলাল ফকির(৩৫) ও রামেশ্বরপুর দক্ষিণপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম(৩০)।
পুলিশ সুপার জানান, গত ১০ জুলাই রাতে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর কোমরপুর এলাকায় সরকারি বিএডিসির সেচ প্রকল্পের পাশে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর একটি খুঁটিতে স্থাপিত প্রায় ৮৫ হাজার টাকার ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়।
এ ঘটনায় পরদিন সেচ প্রকল্পের দায়িত্বে থাকা কৃষক শাহিনুর রহমান সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এসময় উপস্থিত ছিলেন- পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান, ডিবির ওসি রাশিদুল ইসলাম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177859