রংপুরের গঙ্গাচড়ায় ৩২টি চায়না দুয়ারী ও ৮টি কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

রংপুরের গঙ্গাচড়ায় ৩২টি চায়না দুয়ারী ও ৮টি কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় মান্দ্রাইন পূর্ব জয়দেব এলাকায় অভিযান চালিয়ে ৩২টি চায়না দুয়ারী ও ৮টি কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ৩ হাজার ২০০ ফুট দৈর্ঘ্যের ৩২টি চায়না দুয়ারী জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া ৬০০ ফুট দৈর্ঘ্যের ৮টি কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। অভিযান শেষে জব্দ করা চায়না দুয়ারী ও কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম বলেন, মাছের নিরাপদ প্রজনন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ও অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177841