খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র-গুলি ও ভারতীয় মুদ্রা উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র-গুলি ও ভারতীয় মুদ্রা উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় বিজিবির সাথে সশস্ত্র চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গোলাবারুদ, ভারতীয় মুদ্রাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে যামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবি।

আজ সোমবার (২৭ জুলাই) বিজিবির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) দিনগত রাত ৩টার দিকে যামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলার ২ নম্বর তবলছড়ি ইউনিয়নের দেওয়ানবাড়ি বিওপির অধীন সিংহপাড়া সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজিবির টহল দল সশস্ত্র চোরাকারবারিদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

এসময় একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ৯ মি.মি. পিস্তল, দুটি ছোট আকারের দেশীয় এলজি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৩ রাউন্ড কার্তুজ এবং এক হাজার ৬০০ ভারতীয় রুপি উদ্ধার করে।

জব্দকৃত মালামাল নিয়ে ক্যাম্পে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারিরা সেগুলো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।

আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির একপর্যায়ে চোরাকারবারিরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গোলাগুলির সময় বিজিবির পক্ষ থেকে মোট ১৭ রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177795