ইন্ডিয়ান আইডলের ট্রফি জিতলেন উড়িষ্যার জ্যোতির্ময়ী
বিনোদন ডেস্ক : জনপ্রিয় মিউজিকের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে রোববার (২৬ জুলাই)। এবারের আসরে বিজয়ীর মুকুট জিতেছেন উড়িষ্যার ভুবনেশ্বরের গায়িকা জ্যোতির্ময়ী নায়ক।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, জ্যোতির্ময়ী পেয়েছেন ২০ লাখ রুপির নগদ পুরস্কার। আর এটা বাংলাদেশি মুদ্রায় ২৫ লাখ ৬৯ হাজার টাকার বেশি। অন্যদিকে রানার্সআপরা প্রত্যেকে পেয়েছেন ৫ লাখ রুপি করে। দর্শকদের সবচেয়ে বেশি ভোট পেয়ে জ্যোতির্ময়ী বিজয়ী হন। তিনি ফাইনালে অংশিকা চোঙ্কার, মনরাজ বীর সিং, মিশমি বসু, সুহেল সুফি ও তনিষ্ক শুক্লাকে পেছনে ফেলেন। প্রথম রানার্সআপ হয়েছেন তনিষ্ক শুক্লা, আর তৃতীয় স্থান অর্জন করেছেন মনরাজ বীর সিং।
ভুবনেশ্বরের বাসিন্দা জ্যোতির্ময়ী নায়ক ইতোমধ্যেই একাধিক ওড়িয়া চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করেছেন। তিনি গানকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, নিরাময়ের একটি উপায় হিসেবেও ব্যবহার করেন। ক্যানসার আক্রান্ত রোগী ও মানসিক অবসাদে ভোগা মানুষের জন্য গান পরিবেশন করে মানসিক শক্তি জোগান। পাশাপাশি ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্যও সংগীতভিত্তিক থেরাপি দিয়ে থাকেন। তবে ‘ইন্ডিয়ান আইডল ১৬’ জয়ের মধ্য দিয়ে এবার তিনি জাতীয় পর্যায়ে নতুন স্বীকৃতি পেলেন।
শিরোপা জয়ের পর জ্যোতির্ময়ী বলেন, প্রতিটি পারফরম্যান্স তাকে আরও ভালো গায়ক, আরও দক্ষ পারফর্মার এবং আরও পরিণত মানুষ হয়ে ওঠার অনুপ্রেরণা দিয়েছে। এই দীর্ঘ যাত্রায় যা শিখেছেন, তা সারাজীবন মনে রাখবেন বলেও জানান তিনি। তিনি আরও জানান, এই ট্রফি শুধু তার একার নয় বরং যারা সবসময় তার পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও এমন গান গাইতে চান, যা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, অনুপ্রেরণা জোগাবে এবং সবাইকে গর্বিত করবে।
পুরো আসরজুড়েই একের পর এক স্মরণীয় পরিবেশনা উপহার দিয়েছেন জ্যোতির্ময়ী। রোববারের গ্র্যান্ড ফিনালে বিচারক শ্রেয়া ঘোষাল ও বাদশার পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊষা উথুপ, উদিত নারায়ণ, পাপন, কুমার শানু, শেহনাজ গিল এবং উর্মিলা মাতন্ডকর।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177792