পাঁচ বছর টেস্ট দলে সৌম্য, নেই মাহমুদুল-তাওহিদ হৃদয়

পাঁচ বছর টেস্ট দলে সৌম্য, নেই মাহমুদুল-তাওহিদ হৃদয়

স্পোর্টস ডেস্ক : আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিক দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তরা। এই সিরিজকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া শক্তিশালী দল ঘোষণা করলেও, বাংলাদেশকে যেতে হচ্ছে অনেকটা ব্যাক-আপ টিম নিয়েই। বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের চোট এর অন্যতম কারণ। চোটের কারণে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন দলের তিন তারকা ক্রিকেটার-নাহিদ রানা, লিটন দাস ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে মিরপুরে চলছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। তিন তারকা ক্রিকেটার ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন। প্রায় পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। এছাড়া ২৮ মাস পর ডাক পেয়েছেন পেসার মুশফিক হাসান। তবে এই সিরিজের দল প্রস্তুত করতে অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্নের উত্তরেই প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানালেন, অস্ট্রেলিয়া সিরিজের দল করতে কত অঙ্ক কষতে হয়েছে তাদের। হুট করে চোটের ঝড়ে এলোমেলো দলটা সাজাতে তাদের বেগ পেতে হয়েছে বেশ। সঙ্গে ভাবনায় ছিল আগস্টেই দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের সিরিজও। অস্ট্রেলিয়া সিরিজের দলে সুযোগ না পাওয়া তাওহিদ হৃদয়, মাহমুদুল হাসান ও মাহিদুল ইসলাম যাচ্ছেন সেখানেই। মাহমুদুলের জায়গায় ৫ বছর পর টেস্টে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। এত দিন টেস্ট না খেললেও ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত ফর্মেই আছেন এই ওপেনার।

জাতীয় ক্রিকেট লিগের সর্বশেষ আসরে ৭ ম্যাচে ৪৫.২১ গড়ে ৬৩৩ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সৌম্য। ফর্ম তো আছেই, অস্ট্রেলিয়ায় যে ধরনের বোলিংয়ের মুখোমুখি হতে হবে, আগে থেকে সেই অভিজ্ঞতা থাকাও বিবেচনায় এসেছে তাকে দলে নেওয়ার ক্ষেত্রে। প্রধান নির্বাচক হাবিবুল বলেছেন, ‘সৌম্য অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। যেই পেসটা আমরা অস্ট্রেলিয়াতে প্রত্যাশা করছি, এটা খেলে সে অভ্যস্ত। আমরা অন্য ওপেনারের কথাও ভেবেছিলাম। দুর্ভাগ্যবশত এই মুহূর্তে আমাদের ডানহাতি ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই।’বাদ পড়া মাহমুদুল ওপেনিংয়ে সর্বশেষ ৬ ইনিংসের চারটিতেই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। এই সময়ে তার ফিফটিও মাত্র একটি। মাহমুদুলকে বাদ দেওয়ার ব্যাখ্যাটা হাবিবুল দিয়েছেন এভাবে (মাহমুদুল) জয় এত ভালো ফর্মে নেই, তাকে দেখে একটু ভালনারেবল মনে হচ্ছে। আমরা চিন্তা করেছি তাকে আমাদের ফিরিয়ে আনা দরকার। অস্ট্রেলিয়ায় গেলে হয়তো তার খেলার সুযোগটা একটু কম থাকবে, টিম ম্যানেজমেন্ট হয়তো অন্য কম্বিনেশনে যেতে পারে।’

গত মাসে জিম্বাবুয়েতে একমাত্র টেস্টে অভিষেক হয়েছিল তাওহিদ হৃদয়ের। অভিজ্ঞতাটা অবশ্য সুখকর ছিল না। দল ম্যাচ হেরেছে ইনিংস ব্যবধানে, হৃদয় আউট হয়েছে ২ ও ৯ রানে। তিনিও নেই অস্ট্রেলিয়া সিরিজের দলে। হৃদয়কে বাদ দেওয়ার ব্যাখ্যায় হাবিবুল বলেছেন, ‘(জিম্বাবুয়ে টেস্টে না খেলা) মেহেদী হাসান মিরাজ চলে এসেছে, তাওহিদ হৃদয়ের একাদশে ঢোকার সুযোগ কম। কিন্তু আমরা ওকে ভবিষ্যতে টেস্ট ব্যাটসম্যান হিসেবে চিন্তা করছি। আমাদের সামনে দক্ষিণ আফ্রিকা  সিরিজ আছে। তারা খুব ভালো দল, দুটি চার দিনের ম্যাচ আছে। আমরা আসলে ওকে ওখানে পাঠাব।’

জিম্বাবুয়ে টেস্টের দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি মাহিদুল ইসলামের। অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে না থাকা এই উইকেটকিপার-ব্যাটসম্যানকেও ‘এ’ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হচ্ছে। অস্ট্রেলিয়ায় যাচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী। গত বছর জুনে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। তাকে ফেরানো নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘জাকের আলী কিন্তু টেস্ট ম্যাচ যখন খেলছিল খারাপ খেলছিল না। যখন দল থেকে বের হয়ে গেছে ওই সময় ফর্ম নিয়ে লড়াই করছিল। আমাদের ইচ্ছা ছিল (হাই পারফরম্যান্সের) খেলাগুলো খেলে আবার ফিরে আসুক কারণ মানসিক অবস্থাও খুব একটা ভালো ছিল না।’ হাই পারফরম্যান্সের ভালো করেই জাকের আবার জাতীয় দলে ফিরেছেন বলে মনে করেন হাবিবুল।

আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ, ম্যাকাইতে পরের ম্যাচ ২২ আগস্ট। অন্যদিকে ১৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ে দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল, দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৩ আগস্ট।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177791