পশ্চিমবঙ্গের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান
করতোয়া বিনোদন : ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল সান বাংলার রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। ইতোমধ্যেই শুটিং শেষ হয়েছে এবং অনুষ্ঠান থেকে বেশকিছু ছবিও সামনে এসেছে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, গোটা অনুষ্ঠানে নিজের সহজ-সরল ব্যক্তিত্ব এবং প্রাণবন্ত উপস্থিতি দিয়ে সকলের মন জিতে নিয়েছেন জয়া। আড্ডা, গান, নাচ এবং হাসি-ঠাট্টায় জমে উঠেছিল পুরো পর্ব। অনুষ্ঠানের সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে তার আন্তরিক কথোপকথনের মুহূর্ত ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কেড়েছে।
এই রিয়েলিটি শোয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীরা তাদের জীবনের সংগ্রাম, স্বপ্ন এবং কঠিন লড়াইয়ের গল্প ভাগ করে নেন। সেই অভিজ্ঞতাগুলো মন দিয়ে শুনবেন জয়া আহসানও। তাদের জীবনের গল্পে সামিল হয়ে উৎসাহ ও অনুপ্রেরণার বার্তা দেবেন বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটি কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। বড় পর্দায় সিনেমা চলার মাঝেই ছোট পর্দায় বিশেষ এই রিয়েলিটি শোতে দেখা মিলবে এই অভিনেত্রীর।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177780