বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী ইউরোপ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতি বা ব্লু ইকোনমিতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। এরই মধ্যে অনেক সম্ভাব্য বিনিয়োগকারী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে যোগাযোগ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ নিয়ে আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় তিনি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়ে কথা বলেন।
বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও দেশে বিনিয়োগ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হন।
তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় নীতি ও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থনৈতিক ব্যবস্থার দুর্বলতাগুলো কাটিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য।
বিনিয়োগের সম্ভাবনাময় খাত সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাত অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। পাশাপাশি টেক্সটাইল, তৈরি পোশাক, কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পেও বড় ধরনের বিনিয়োগের সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, সৃজনশীল অর্থনীতির বিকাশে কুটির শিল্প, প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোগ এবং দেশের শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত খাতগুলোতেও বিনিয়োগের সুযোগ তৈরি করা হচ্ছে। এ ছাড়া খেলাধুলার ক্ষেত্রেও বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
ব্লু ইকোনমি প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, এটি বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার খাত। সমুদ্রসম্পদনির্ভর অর্থনীতির উন্নয়নে বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চলছে। ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং এ খাতে বড় সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, চীন, জাপান ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আগ্রহী। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। বিনিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা নির্দিষ্ট কোনো সময় বা পরিস্থিতির ওপর নির্ভর করে না।