বগুড়া সিটির কর্পোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজট পেশ, উন্নয়নের জন্য মুখিয়ে নগরবাসী
স্টাফ রিপোর্টার: নব সৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থ বছরে জন্য ১ হাজার ৪ শত ১৭ কোটি টাকার ৪৩ লাখ ৫২ হাজার টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) শহিদ টিটু মিলনায়তনে সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এই বাজেট পেশ করেন। গত অর্থবছরের চেয়ে প্রায় ১৩ শ’ কোটি টাকা বৃদ্ধি করে বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন উন্নয়ন মূখি এই বাজেট সিটিবাসীর জন্য প্রণয়ন করেন।
বাজেটে সিটি কর্পোরেশনের নিজস্ব আয় ৮৪ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা সহ উন্নয়ন হিসেবে(এডিপি)৬১৫ কোটি ৫০ লাখ এবং প্রকল্প হিসেবে ৬৮০ কোটি টাকা এবং রাজস্বখাতের স্থিতি ১২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকা এবং উন্নয়ন হিসেবে(এডিপি) থেকে ১৩ কোটি ৫০ লাখ টাকা ধরে মোট ১৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকার বাজেট ঘোষণা করেন।
এই বাজেটে সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন রাস্তা, কালভার্ট, ড্রেন, গাইড ওয়াল ইত্যাদি নির্মাণ ও মেরামত বাবদ ১১৮ কোটি ৫০ লাখ, বগুড়া সিটি কর্পোরেশনের জন্য যানবাহন ও যন্ত্রপাতি ক্রয় (জীপগাড়ি, পিকআপ গাড়ি, গার্বেজ ট্রাক, লোডার বিম লিফটার, ভ্যাকুয়াম ক্লিনার ক্রয় বাবদ ২০০ কোটি টাকা, ভূমি অধিগ্রহণবাবদ ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও আরইউটিডিপি প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়ন ব্যয় (বহুতল বিশিষ্টসপ্তপদী মার্কেট নির্মাণ) করতে এই প্রকল্প থেকে ১৫০ কোট টাকা রাখা হয়েছে।
বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য মো: রেজাউল করিম বাদশা। এছাড়াও বক্তব্য দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির, সিভিল সার্জন ডা.মো.খুরশীদ আলম, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জাতীয় নাগরিক পার্টির বগুড়া জেলা আহ্বায়ক এম.এস.এ.মাহমুদ।
প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন প্রফেসর আব্দুল হাই, লাইট হাউসের নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, স্বপ্ন এর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সিপিবি বগুড়ার সভাপতি আমিনুল ফরিদ প্রমুখ। প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলীর সঞ্চালনায় বাজেট পেশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সচিব মোছা. পপি খাতুন প্রমুখ।
বাজেট অনুষ্ঠানে মো: রেজাউল করিম বাদশা বলেন, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন তিনমাসের মধ্যেই প্রায় সাড়ে ১৪”শ কোটি টাকার বাজেট প্রণয়ন করেছে যা অতুলনীয়। তিনি বলেন নির্বাচনের আগের অঙ্গীকার ছিলো বগুড়াকে সিটি কর্পোরেশন করা যা সর্ম্পূন হয়েছে। বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণের কাজ শুরু হয়েছে যা আগামী মাসে উদ্বোধন করা হবে। তিনি বগুড়ার উন্নয়ন কাজ এগিয়ে নিতে সিটি কর্পোরেশনকে সহায়তা করতে সিটি বাসীর প্রতি আহবান জানান।
সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, গত ১৬ বছরে বগুড়ার জন্য মাত্র ৫৭ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছিল যা খুবই অপ্রতুল এবং গত সরকারের অবহেলার বড় সাক্ষী হলো বগুড়া। তিনি প্রস্তাবিত বাজেটের বাইরে শিক্ষাখাতে আরও এক কোটি এবং এবং নারী উদ্যেক্তাদের জন্য আরও ৫০ লাখ টাকা অন্য খাত থেকে কেটে যোগ করার ঘোষণা দেন। সেই সাথে আগামী তিন থেকে ৪ মাসের মধ্যে অস্থায়ী কর্মচারিদের ভাতা বাড়ানোর ঘোষণা দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177736