বগুড়ার সোনাতলায় ৮ কোটি টাকা ব্যয়ে ব্রিজের এ্যাপ্রোচে ধস

বগুড়ার সোনাতলায় ৮ কোটি টাকা ব্যয়ে ব্রিজের এ্যাপ্রোচে ধস

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের এ্যাপ্রোচ ধসে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেও কোন সমাধান হয়নি। অচিরেই সোনাতলার সাথে সারিয়াকান্দি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়লে ওই দুই উপজেলার প্রায় ৬ লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে।

উপজেলার জোড়গাছা ইউনিয়নের সুখদহ নদীর ওপর এলজিইডি বছর দেড়েক আগে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করে। ব্রিজটি নির্মাণ করতে না করতেই দুই পাশের এাপ্রোচ বৃষ্টির পানি তোড়ে ভেঙে যাচ্ছে। এতে করে সোনাতলা উপজেলার সাথে সারিয়াকান্দি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, ওই সড়ক দিয়ে দুই উপজেলার হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এছাড়াও অসংখ্য শিক্ষার্থীরা ওই পথ দিয়ে যাতায়াত করেন। এ বিষয়ে স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, ওই ব্রিজের ওপর দিয়ে সোনাতলা ও সারিয়াকান্দির ১৮টি ইউনিয়নের প্রায় ৬ লাখ মানুষ যাতায়াত করেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, বিষয়টি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অবগত হয়েছি। বর্ষা মৌসুমে এ রকম অনেক স্থানে ধসে যাওয়ার সংবাদ আমরা পেয়েছি। যেহেতু সুখদহ নদীর ওপর নির্মিত ব্রিজটির গুরুত্ব অনেক বেশি।

সর্বাধিক গুরুত্ব দিয়ে অল্প সময়ের মধ্যে ওই ব্রিজের এ্যাপ্রোচ সংস্কার করার চেষ্টা করা হবে। এছাড়াও তিনি আরও বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে কাজ শুরু করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177722