বগুড়া সাতমাথায় দৈনিক মুজুরি ভিত্তিক কর্মচারীদের মানববন্ধন
শহর প্রতিনিধি (বগুড়া) : বগুড়া সাতমাথায় বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির রাজশাহী বিভাগ ও বগুড়া জেলার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই) দুপুরে বীরশ্রেষ্ঠ স্কয়ারের দক্ষিণপাশে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেয় রাজশাহী বিভাগের ও বগুড়া জেলায় অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, রাষ্ট্রায়ত্ব ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানসহ মাঠ পর্যায়ের কার্যালয়গুলোর তৃতীয় ও চতুর্থ শ্রেণির দৈনিক মুজুরি ভিত্তিক (মাস্টার রোল) কর্মচারীরা।
মানবন্ধনে অংশ নেওয়া কর্মচারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী বিভাগীয় দৈনিক মুজুরি ভিত্তিক কর্মচারী সমিতির যুগ্ম আহবায়ক মো. ইমরান হোসেন। তিনি তিন দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো-(ক) দৈনিক মুজুরি ভিত্তিক ও মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের চাকরির আইনি নিশ্চয়তা প্রদান, কোনো প্রকার বৈধ কারণ এবং সুষ্ঠু তদন্ত কমিটি গঠন ব্যতীত তিন হাজারেরও বেশি চাকরিচ্যুত কর্মচারদেরকে অবিলম্বে স্ব-স্ব পদে পুনর্বহাল করা। (খ) দৈনিক মুজুরি ভিত্তিক কর্মচারীদের আউটসোর্সিং ব্যবস্থায় হস্তান্তরের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করা। (গ) দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫ বাতিল করে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরিভিত্তিক (মাস্টার রোল) কর্মচারীদের বয়সসীমা শিথিল করে চাকরি স্থায়ীকরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
শেষে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দৃশ্যমানভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ না করলে ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির নেতৃত্বে সারাদেশের দৈনিক মজুরি ভিত্তিক (মাস্টার রোল) কর্মচারীদের নিয়ে অর্থ বিভাগের অর্থ সচিবের পদত্যাগের দাবিতে আগামী ৯ আগস্ট রোববার বিক্ষোভ সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা করার আল্টিমেটাম দেন তারা।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন-রাজশাহী বিভাগীয় দৈনিক মুজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সভাপতি মনিরুজ্জামান পিয়াস, সড়ক ও জনপদ বিভাগ বগুড়ায় কর্মরত সোহেল মিয়া, ইসমাইল হোসেন প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177677