হামজার পর প্রিমিয়ার লিগে অভিষেক আরেক বাংলাদেশির

হামজার পর প্রিমিয়ার লিগে অভিষেক আরেক বাংলাদেশির

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের আঙিনায় হামজা চৌধুরীর পর আরও এক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রতিভার উত্থান দেখতে যাচ্ছে ফুটবলবিশ্ব। লাল-সবুজের জাতীয় দলের জার্সি এখনও গায়ে না উঠলেও ক্লাব ফুটবলে শনিবার জীবনের সবচেয়ে স্মৃতিময় দিনটি কাটিয়ে ফেললেন ফারহান আলী ওয়াহিদ। 

নরউইচ সিটির বিরুদ্ধে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ইংলিশ ক্লাব ফুলহামের মূল দলের হয়ে ঐতিহাসিক অভিষেক হয়েছে এই প্রতিশ্রুতিশীল উইঙ্গারের। নরউইচের বিপক্ষে রুদ্ধদ্বার ম্যাচে দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফারহান। স্প্যানিশ কোচ আলভারো আরবেলোয়ার অধীনে ফুলহামের মূল একাদশে এটিই ছিল তার প্রথম ম্যাচ। দল ২-০ ব্যবধানে হারলেও সিনিয়র দলের হয়ে অভিষেকের এই মুহূর্ত ফারহানের জন্য কোনো স্বপ্নপূরণের চেয়ে কম নয়। ম্যাচটি সম্প্রচার না হলেও ফুলহামের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্যমতে, ফারহানের একটি বিপজ্জনক বাঁকানো শট প্রতিপক্ষ গোলরক্ষককে বেশ কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল।

২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম নেওয়া ফারহানের শরীরে বইছে সিলেটি রক্ত। তার বাবা-মা দুজনই প্রবাসে জন্মানো বাংলাদেশি বংশোদ্ভূত। লন্ডনের সড়ক থেকেই ফুটবলের প্রাথমিক পাঠ নেন ফারহান, শুরুটা হয়েছিল চেলসি একাডেমি থেকে। তবে ২০১৯ সালে তিনি পাড়ি জমান পশ্চিম লন্ডনের আরেক ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ফুলহামে। এরপরের গল্পটা শুধুই ধাপে ধাপে নিজেকে উঁচুতে নিয়ে যাওয়ার। ২০২২ সালের ডিসেম্বরে এফএ ইয়ুথ কাপে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে প্রথম মাঠে নামেন। ২০২৩ সালে ফুলহামের সাথে স্কলারশিপ চুক্তি এবং ২০২৪ সালের শুরুতে অনূর্ধ্ব-২১ দলে অভিষেক ঘটে। বাঁ প্রান্তের এই দূরন্ত উইঙ্গার ‘ওয়ান-অন-ওয়ান’ পজিশনে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দ্রুত কাট করে বক্সে ঢোকার দক্ষতা ও নিখুঁত টেকনিকের কারণে দ্রুতই নজর কাড়েন।

ধারাবাহিক উন্নতির পুরস্কার হিসেবে ২০২৫ সালে ফুলহামের সাথে প্রথম পেশাদার চুক্তি সম্পন্ন করেন তিনি। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে ‘প্রিমিয়ার লিগ টু’-তে অনবদ্য পারফরম্যান্সে নভেম্বরে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের পাশাপাশি মৌসুম শেষের বর্ষসেরা তালিকায়ও স্থান করে নেন ফারহান। এবার মূল দলের অভিষেকের মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের মূল মঞ্চে ফারহানকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন বাংলাদেশি ফুটবলপ্রেমীরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177663