গাজার পুলিশপ্রধানসহ আরও ৬ জনকে হত্যা করল ইসরায়েল

গাজার পুলিশপ্রধানসহ আরও ৬ জনকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : গত ৪৮ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৬ ফিলিস্তিনি নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে ইসরায়েলি ড্রোন হামলায় গাজার উত্তর গভর্নরেটের পুলিশপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল নাসের মোহাম্মদ আল-মাকাদমা নিহত হয়েছেন। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

শনিবার (২৫ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি ও প্যালেস্টাইন ক্রনিকলস। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৫৪ বছর বয়সী আল-মাকাদমা ইসরায়েলি বাহিনীর সরাসরি হামলায় নিহত হন। ওই হামলায় আরও কয়েকজন বেসামরিক মানুষ আহত হয়েছেন। এতে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩১৭ জনে পৌঁছেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-নুর স্টেডিয়ামের কাছে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালালে দুই ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হন। পার্শবর্তী আল-মাওয়াসি এলাকার স্ট্রিট-৫ সংলগ্ন এলাকায় পৃথক একটি ড্রোন হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। 

মন্ত্রণালয় আরও জানায়, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ১৯১ ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৮৫৩ জন আহত হয়েছেন। এ ছাড়া একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮০৩ জন নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177656