ক্লাব ফুটবলে ফিরেই নেইমারের জোড়া গোল

ক্লাব ফুটবলে ফিরেই নেইমারের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর ক্লাব ফুটবলে ফিরে সান্তোসের জার্সিতে জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচালেন নেইমার জুনিয়র। 

রোববার (স্থানীয় সময়) ভিলা বেলমিরো স্টেডিয়ামে ব্রাজিলিয়ান লিগের দ্বিতীয় পর্বের শুরুতে তলানির দুই দল সান্তোস ও শাপেকোয়েন্সের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। সান্তোসের হয়ে দুটি গোলই করেন নেইমার।

সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। মাঠে তার জবাবও দিয়েছেন দারুণভাবে। ম্যাচের ৩৬ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে প্রথম গোল করার পর তাস বিলানোর ভঙ্গি করে সেই পোকার বিতর্কেরই অভিনব জবাব দেন তিনি।

ম্যাচের শেষ মুহূর্তেও দেখা গেল সেই পরিচিত দৃশ্য। ঠিক যেমনটি দেখা গিয়েছিল বিশ্বকাপের রাউন্ড অব-১৬-এ নরওয়ের বিপক্ষে, ঠিক তেমনি ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করে সান্তোসের ড্র নিশ্চিত করেন এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে না পারলেও নেইমারের নৈপুণ্যে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সান্তোস।

চলতি মৌসুমে ব্রাজিলেরিও বেতানোতে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন নেইমার। এই সময়ে তার ঝুলিতে রয়েছে ৬টি গোল ও ২টি অ্যাসিস্ট। মোট ৭৭৬ মিনিট মাঠে থেকে তিনি ১৯টি গুরুত্বপূর্ণ পাস দিয়েছেন। এছাড়া ৩০টি শটের মধ্যে ১২টি লক্ষ্যভেদী ছিল, যা তার ধারাবাহিক আক্রমণাত্মক পারফরম্যান্সেরই প্রতিফলন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177646