পাবনার ফরিদপুরে ৮২ বিদ্যালয়ের তদারকিতে একজন কর্মকর্তা

পাবনার ফরিদপুরে ৮২ বিদ্যালয়ের তদারকিতে একজন কর্মকর্তা

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদারকিতে একজন মাত্র উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রয়েছেন। অথচ এ উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদ রয়েছে ৪টি। এক বছরের বেশি সময় ধরে ৩ জন সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদ শূন্য রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বর্তমানে উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে মোট ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়গুলো তদারকিতে একজন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মাত্র একজন সহকারী শিক্ষা কর্মকর্তা রয়েছেন। নীতিমালা অনুযায়ী ১৫ থেকে ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় তদারকিতে একজন সহকারী শিক্ষা কর্মকতা থাকার কথা।

লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য আশরাফুল আলম বলেন, সহকারী শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত তদারকি শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও পাঠদানের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। দীর্ঘদিন শূন্য পদ পূরণ না হওয়ায় বিদ্যালয়গুলো প্রয়োজনীয় একাডেমিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।

একমাত্র সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ৮২টি বিদ্যালয়ের মনিটরিং, শিক্ষকদের একাডেমিক সহায়তা, বিভিন্ন পরীক্ষা ও তথ্য যাচাই-বাছাই, সাবক্লাস্টার ট্রেনিং ও মিটিং এবং সব বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্বও একাই পালন করতে হচ্ছে। একজন মানুষের পক্ষে এসব দায়িত্ব যথাযথভাবে পালন করা কঠিন হয়ে পড়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খ.ম. জাহাঙ্গীর হোসেন বলেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার শূন্যপদের বিষয়টি জরুরিভাবে পুরণের জন্য ইতোমধ্যেই উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177639