লালমনিরহাটে বিকৃত যৌনাচারের অভিযোগে মৌলভী শিক্ষক গ্রেফতার

লালমনিরহাটে বিকৃত যৌনাচারের অভিযোগে মৌলভী শিক্ষক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে অভিযুক্ত ওই শিক্ষককে আসামি করে আদিতমারী থানায় একটি মামলা করেছেন। শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশুটি মাদরাসার হেফজ বিভাগে আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা করত। গত ২১ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদরাসার শিক্ষক শাহজালাল হক শিশুটিকে মাথা টিপে দেওয়ার কথা বলে নিজের কাছে ডেকে নেন।

এরপর তিনি শিশুটিকে বলাৎকার করেন এবং বিষয়টি কাউকে না জানাতে নানাভাবে ভয়ভীতি দেখান। পরদিন সকালে শিশুটি অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় বাড়িতে ফিরে যায়। পরে পরিবারের সদস্যদের কাছে সে রাতের ওই ঘটনা জানায়। ঘটনাটি জানার পর পরিবারের লোকজন স্থানীয়দের সাথে নিয়ে ওই দিনই মাদরাসায় গেলে জানতে পারেন অভিযুক্ত শিক্ষক ছুটিতে বাড়িতে গেছেন।

পরবর্তীতে গতকাল শুক্রবার রাতে অভিযুক্ত শিক্ষক শাহজালাল মাদরাসায় ফিরে এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শাহজালাল অভিযোগের বিষয়টি স্বীকার করেন।

এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করেন। পরে শাহজালালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদিতমারী থানায় নিয়ে যাওয়া হয় এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। ওই মামলায় অভিযুক্ত শিক্ষক শাহজালালকে গ্রেফতার দেখানো হয়।

আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে এ বিষয়ে কথা হলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব জানান, ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা নেওয়া হয়। পরে আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক অভিযুক্ত শিক্ষকের জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177618