ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগের তদন্ত করবে না আইওসি

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগের তদন্ত করবে না আইওসি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে মানবাধিকার সংগঠন ‘ফেয়ারস্কয়ার’-এর করা অভিযোগ খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। সংস্থাটি জানিয়েছে, অভিযোগের বিষয়টি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।

শুক্রবার আইওসির এক মুখপাত্র জানান, ফেয়ারস্কয়ারের অভিযোগটি কমিশন বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে। কমিশনের মতে, অভিযোগে মূলত ফিফার প্রশাসনিক সিদ্ধান্ত, পরিচালন ব্যবস্থা, বিভিন্ন সরকারের সঙ্গে সম্পর্ক এবং ফুটবলের নিয়ম বাস্তবায়নের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এ সব বিষয় আইওসির বিধিমালার আওতায় পড়ে না। এ কারণে অভিযোগটি গ্রহণ করা সম্ভব হয়নি। বিষয়টি ফেয়ারস্কয়ারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

গত ১৪ জুলাই ফেয়ারস্কয়ার ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ করে। তাদের দাবি, তিনি বারবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন। একই অভিযোগে গত বছর ফিফার কমিটির কাছেও আবেদন করেছিল সংগঠনটি।

২০২০ সাল থেকে আইওসির সদস্য ইনফান্তিনো সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে উপস্থিত হওয়ায় সমালোচনার মুখে পড়েন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ট্রাম্প ও ইনফান্তিনো একসঙ্গে ট্রফি প্রদান অনুষ্ঠানে মাঠে নামলে গ্যালারির একাংশ থেকে দুয়োধ্বনি শোনা যায়।

বিশ্বকাপ চলাকালীন আরেকটি বিতর্কে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে দেখানো লাল কার্ডের বিষয়টি পুনর্বিবেচনার জন্য তিনি ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছেন। পরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বালোগুন শেষ ষোলোর ম্যাচে খেলেন, যদিও সেই ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ ব্যবধানে হেরে বিদায় নেয় যুক্তরাষ্ট্র।

এদিকে গত ডিসেম্বরে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে সংলাপ ও উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ট্রাম্পকে ফিফার প্রথম ‘শান্তি পুরস্কার’ দেওয়া হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177607