বগুড়ার দুপচাঁচিয়ায় একই স্থানে দুই গ্রুপের পাল্টা-পাল্টি সভা আহবান, এলাকায় উত্তেজনা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর হাটখোলা ময়দানে আগামীকাল রোববার বিএনপির দুই গ্রুপের একই স্থানে পাল্টা-পাল্টি সভা আহ্বান করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলা সাহারপুকুর বিএনপির একটি গ্রুপ বিভিন্ন কারনে মূল্যায়ন না পাওয়ায় তারা একত্রিত হয়ে সাহারপুকুর যুব উন্নয়ন সমিতি গঠন করে।
সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে সহযোগীতা করাসহ তাদের পাশে ঐক্যবদ্ধ ভাবে থাকার সিদ্ধান্ত নেয়। সমিতির সাধারণ সম্পাদক রায়হান আলী দেওয়ান স্বাক্ষরিত পত্রে আগামীকাল রোববার বিকাল ৫টা ৫০ মিনিটে সাহারপুকুর হাটখোলা ময়দানে সমিতির উদ্বোধন অনুষ্ঠান আহ্বান করেন। সভায় সমিতির সভাপতি গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিকের সভাপতিত্ব করার কথা পত্রে উল্লেখ রয়েছে।
অপরদিকে বিএনপির অপর একটি গ্রুপ গোবিন্দপুর ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি মেহেদী হাসান রিকো ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির একই স্থানে বিকেল ৪টা ৩০ মিনিটে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও অংঙ্গ সংগঠনের আলোচনা সভা আহ্বান করেন। পাল্টা-পাল্টি দু’পক্ষের থেকে একই স্থানে সভা আহ্বান করাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে সাহারপুকুর যুব উন্নয়ন সমিতির সভাপতি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক জানান, বিগত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি একাধিক ভাগে বিভক্ত হয়ে যায়। নির্বাচনের পর পুরাতন নেতাকর্মীরা বিভিন্ন ভাবে অবহেলিত হয়ে বিচ্ছিন্ন ভাবে চলাফেরা করতে থাকে।
বিএনপির ইউনিয়ন পর্যায়ে সকল নেতৃবৃন্দসহ সবার উপস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ করে সাহারপুকুর যুবউন্নয়ন সমিতি গঠন করা হয়েছে। নিরপেক্ষতা বজায় রেখে সবাইকে নিয়েই এই সমিতির মাধ্যমে এলাকার উন্নয়নে অবদান রাখতেই আগামীকাল রোববার সমিতির কার্যালয় উদ্বোধন করার তারিখ ঠিক করা হয়েছে।
অপরদিকে গোবিন্দপুর ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রিকো জানান, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডর অগ্রগতি নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনার জন্য আজকের সভা আহ্বান করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177602