সুরের জাদুতে ঢাকার ভক্তদের মাতালেন আতিফ আসলাম
করতোয়া বিনোদন : দীর্ঘ অপেক্ষার পর ঢাকার ভক্তদের সুরের জাদুতে মাতালেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রাজধানীর মাদানী অ্যাভিনিউতে অনুষ্ঠিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। ঝুম বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া কিংবা দীর্ঘ অপেক্ষা-কোনো কিছুই কমাতে পারেনি তার ভক্তদের উচ্ছ্বাস।
শুক্রবার (২৪ জুলাই) মাদানী অ্যাভিনিউতে আয়োজিত এই জমকালো কনসার্টে আতিফ আসলাম তাঁর জনপ্রিয় সব সুপারহিট গান পরিবেশন করে বৃষ্টিভেজা সন্ধ্যাকে রোমাঞ্চকর করে তোলেন। কনসার্ট শুরুর আগে ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’ মঞ্চ মাতিয়ে তোলে। রাত ৮টা ৫২ মিনিটে আতিফ আসলাম মঞ্চে উঠলে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা।
মঞ্চে উঠে একে একে নিজের জনপ্রিয় গান ‘ও লামহে ও বাতে’, ‘দিল দিয়া গাল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘তু জানে না’, ‘আদত’, ‘তেরে লিয়ে ‘ ও ‘মাস্ত কালান্দার’সহ বেশ কয়েটি গান পরিবেশন করেন এই তারকা শিল্পী। প্রতিটি গানের শুরুতেই করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো ভেন্যু। শুধু শিল্পীর গান শোনাই নয়, তার সঙ্গে কণ্ঠও মেলান হাজারো দর্শক।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে নির্ধারিত এই কনসার্ট নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় শেষ মুহূর্তে বাতিল হয়েছিল। এতে হতাশ হয়েছিলেন হাজারো ভক্ত। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ঢাকার মঞ্চে উঠে নিজের জনপ্রিয় সব গান পরিবেশন করে অনুরাগীদের হৃদয় জয় করলেন আতিফ আসলাম।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177567