আর্জেন্টিনার জার্সিতে কী শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি?

আর্জেন্টিনার জার্সিতে কী শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি?

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। এটা যে মেসির শেষ বিশ্বকাপ, তাতে কোনো সন্দেহ নেই। সে হিসেবে এই প্রশ্নও ওঠে, আর্জেন্টিনা জাতীয় দলে কি আর দেখা যাবে মেসিকে?

অনেক জায়গা থেকে অনেক রকম উত্তরই আসছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম এর আগে জানিয়েছে, এখনই অবসর নিচ্ছেন না মেসি। আরও কয়েক মাস খেলা চালিয়ে যেতে চান। এ সময়ের মধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তার জন্য একটি বিশেষ ম্যাচ আয়োজন করতে চায়। মেসি যেন ঘরের দর্শকদের সামনে বিদায় নিতে পারেন, সে লক্ষ্যে এই ম্যাচ আয়োজন করা হবে। কিন্তু পারেদেস জানালেন সম্পূর্ণ ভিন্ন তথ্য। যেটা শুনলে আসলে যেকোনো আর্জেন্টিনা সমর্থকেরই মন খারাপ হতে পারে। গতকাল কোপা সুদামেরিকানা প্লে-অফ ম্যাচে বোকা জুনিয়র্সের জয়ের পর মিক্সড জোনে জাতীয় দলে মেসির ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয়েছিল পারেদেসের কাছে। বোকার এই মিডফিল্ডার মনে করেন, জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন মেসি। আর সেই ম্যাচটি হলো বিশ্বকাপের ফাইনাল।

পারেদেসের ভাষায়, ‘এটা কষ্টদায়ক। কারণ, পুরো বিশ্বকাপে আমরা যেমনটা বলে এসেছি, আমরা চাইনি শেষ ম্যাচটি কখনো আসুক। আমার মনে হয়, সে ঠিক করেই রেখেছিল যে এটিই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।’ আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, পারেদেস তার এ কথার গুরুত্ব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মেসির জন্য একটি শেষ ম্যাচের আশা প্রকাশ করেন। তার ভাষায়, ‘আশা করি তা হবে না। আশা করি, সে খেলা চালিয়ে যেতে পারবে। সিদ্ধান্ত তার নিজের। যা তাকে খুশি করবে, নিশ্চিতভাবেই সেটা আমাদেরও খুশি করবে।’

বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের দুই খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে বিতর্ক কুড়ান পারেদেস। ফিফা সেই সংঘর্ষ নিয়ে তদন্তেও নেমেছে। এদিকে পারেদেস জানিয়েছে, আর্জেন্টিনা দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। ৩২ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ভাষায়, ‘আমি জানি না। এ নিয়ে ভাবতে হবে, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং এটি নিশ্চিতভাবে এমন একটি বিষয়, যা নিয়ে আমাদের কথা বলতে হবে...অনেকের জন্যই খেলা চালিয়ে যাওয়া না-যাওয়ার বিষয়টি কঠিন এক সিদ্ধান্ত হতে যাচ্ছে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177541