ফ্রান্স ও স্পেনে দাবানল : সরিয়ে নেয়া হলো সোয়া ২ লাখ মানুষকে

ফ্রান্স ও স্পেনে দাবানল : সরিয়ে নেয়া হলো সোয়া ২ লাখ মানুষকে

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফ্রান্সের বোর্দো শহর ও স্পেনের রাজধানী মাদ্রিদের আশপাশে ছড়িয়ে পড়া আগুনের কারণে দুই দেশ মিলিয়ে অন্তত ২ লাখ ২৫ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। খবর : এএফপি

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ গতকাল শুক্রবার দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়েছেন। স্থানীয় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আগুন দ্রুত বোর্দো শহরে ছড়িয়ে পড়ছে। বোর্দোর দক্ষিণে আটলান্টিক উপকূলের অভিজাত ক্যাপ ফেরে উপদ্বীপ থেকে প্রায় ৪৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন করে আরও প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। উপদ্বীপে যাতায়াতের একমাত্র সড়কটিও ঝুঁকির মুখে পড়েছে।

ফরাসি ও স্প্যানিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম ফ্রান্স থেকে প্রায় ২ লাখ এবং মাদ্রিদ থেকে আরও ২৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ২০০ জনের বেশি বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। পরিস্থিতির কারণে স্পেন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। এছাড়া ধোঁয়ার ঝুঁকির কারণে প্রায় ৪০ হাজার মানুষকে ঘরের ভেতর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রবল বাতাস ও দীর্ঘস্থায়ী খরার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে শুষ্ক বনাঞ্চল মুহূর্তে পুড়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্স ও স্পেন উভয় দেশ ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ বলেন, দেশটি এত বড় দাবানল আগে দেখেনি। বোর্দোকে রক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। প্রবল বাতাস ও দীর্ঘস্থায়ী খরার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে শুষ্ক বনাঞ্চল মুহূর্তে পুড়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্স ও স্পেনÑউভয় দেশই ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে।

এদিকে মাদ্রিদের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান কার্লোস নোভিয়ো বলেন, রাজধানীর কাছের দাবানল এখন সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে। তিনি বলেন, আগুন এত ভয়ানক রূপ ধারণ করেছে যে তা নিয়ন্ত্রণের সক্ষমতা ফায়ার সার্ভিস বাহিনীর নেই। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আজ শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। অন্যদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু জরুরি বৈঠক ডেকেছেন। তিনি বলেন, দাবানল মোকাবিলায় আরও এক হাজার সেনা মোতায়েন করা হচ্ছে। আগুনে এরই মধ্যে প্রায় ২২ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177534