চিলির ক্লাবে যোগ দিচ্ছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে অভিষেকেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনা চিলির অন্যতম সেরা ও ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর নতুন গোলরক্ষক হিসেবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সের পরই এই দলবদলের খবর সামনে এসেছে।
ফুটবলের ট্রান্সফার বিশেষজ্ঞ এবং ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
৪০ বছর বয়সে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেন ভোজিনা। তার দুর্দান্ত পারফরম্যান্সে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে জায়গা করে নেয় শেষ ৩২-এ। বিশ্বকাপে চার ম্যাচে মোট ১৮টি সেভ করেন ভোজিনা। এর মধ্যে ফাইনালে ওঠা দুই দল স্পেন ও আর্জেন্টিনার বিপক্ষেই ছিল ১৫টি সেভ। তার দৃঢ় গোলরক্ষণে নির্ধারিত ৯০ মিনিটে কোনো ম্যাচেই হারেনি কেপ ভার্দে। এই অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে জায়গা পান ফিফার টিম অব দ্য টুর্নামেন্টে। এরপরই চিলির শীর্ষ ক্লাব কোলো কোলোর সঙ্গে মৌখিক চুক্তিতে পৌঁছেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ক্লাবটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে এই সম্ভাব্য দলবদলের আভাস দিয়েছে।
কোলো কোলোতে ভোজিনহা পাচ্ছেন অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ ফার্নান্দো এল তানো ওরতিজকে। এছাড়া সতীর্থ হিসেবে পাবেন কিংবদন্তি চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালসহ একাধিক আর্জেন্টাইন তারকা ফুটবলারকে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177528