কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাগরিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগর (ব্ল্যাক সি) দিয়ে চলাচলকারী একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১৮ জুলাই এমভি ওমোরফি নামের একটি বাণিজ্যিক জাহাজ কৃষ্ণ সাগর অতিক্রম করার সময় হামলার শিকার হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাটি রাশিয়ার আঞ্চলিক জলসীমায় সংঘটিত হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ভারত সরকার।
হামলার সময় জাহাজটিতে মোট ১০ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে তিনজন ছিলেন ভারতীয় নাগরিক। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাকি দুই ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন।
ভারতের নিন্দা
ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা এবং নিরীহ নাবিকদের জীবন ঝুঁকির মুখে ফেলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপদ নৌচলাচল ও বৈশ্বিক বাণিজ্য ক্রমেই হুমকির মুখে পড়ছে, যা গভীর উদ্বেগের বিষয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে এবং নিহতের পরিবারের জন্য সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছে।
ভারত সব পক্ষের প্রতি আন্তর্জাতিক দায়িত্বশীলতা বজায় রেখে সমুদ্রপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা এবং বৈশ্বিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার আহ্বান জানিয়েছে।
এর আগে ১৯ জুলাই ইউক্রেনের একটি বন্দর ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর গিনি-বিসাউয়ের পতাকাবাহী এমভি গোল্ডেন লিও নামের একটি পণ্যবাহী জাহাজেও হামলার ঘটনা ঘটে। ওই হামলায় চারজন ভারতীয় নাবিক নিহত এবং আরও একজন গুরুতর আহত হন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে কৃষ্ণ সাগরে ধারাবাহিক এসব হামলার ঘটনায় আন্তর্জাতিক নৌপথে কর্মরত নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177525