উল্টো রথের মধ্যদিয়ে বগুড়ার নন্দীগ্রামে শেষ হলো রথযাত্রা উৎসব 

উল্টো রথের মধ্যদিয়ে বগুড়ার নন্দীগ্রামে শেষ হলো রথযাত্রা উৎসব 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : উল্টো রথ টানার মধ্য দিয়ে নন্দীগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শেষ হয়েছে। গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া ৯ দিনব্যাপী এ উৎসব উদযাপিত হয়।

উৎসব উপলক্ষ্যে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই শ্রী শ্রী কালিমাতা মন্দির, নন্দীগ্রাম সদর ইউনিয়নের হাটুয়া-আলাইপুর মন্দির এবং পেং হাজারকি গ্রামের তিনটি মন্দিরসহ মোট ৬টি মন্দিরে পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা, ভাগবত পাঠ, মহাপ্রসাদ বিতরণ ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ শুক্রবার (২৪ জুলাই) সমাপনী দিনে সকাল থেকে ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই ডবরপাড়া গুন্ডিচা মন্দিরে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেষে বিকেল সাড়ে ৫টায় জগন্নাথদেবের উল্টো রথের শোভাযাত্রা ডবরপাড়া গুন্ডিচা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে হাটকড়ই শ্রী শ্রী কালিমাতা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করে। শোভাযাত্রায় বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশু অংশ নেন।

কীর্তন ও ধর্মীয় সংগীতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় আয়োজক কমিটির সভাপতি রবি চন্দ্র রায়, সহ-সভাপতি বীরেশ্বর চন্দ্র প্রামাণিক, সাধারণ সম্পাদক বজেশ্বর চন্দ্র প্রামাণিক, স্থানীয় ইউপি সদস্য প্রসন্ন চন্দ্র ও শিক্ষক বিপুল চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার বলেন, উল্টো রথ টানার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের সমাপ্তি হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177511