বগুড়ার শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ ফজলে এলাহী ওরফে রঞ্জন (৪০) ও ছালেহা খাতুন ওরফে ছালে (৪৫) নামের মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের বামুনিয়া মন্ডলপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের স্থায়ী ঠিকানা বগুড়া জেলার শেরপুর উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে। কিছুদিন যাবত তারা শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া এলাকায় জমি কিনে বসবাস শুরু করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার এসআই গোলাম মোস্তফা, এসআই আবু জাররা, এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আজ শুক্রবার (২৪ জুলাই) বিকালে বামুনিয়া মন্ডলপাড়ায় রঞ্জনের নির্মাণাধীন বাড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানকালে রঞ্জন ও ছালেহার হেফাজত হতে সাড়ে ১৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয় এবং রঞ্জন ও ছালেহা কে আটক করা হয়।
আটককৃতদের গাঁজা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, কুড়িগ্রাম জেলা থেকে গাঁজা ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, মাদক ব্যবসায়ী রঞ্জন ও তার স্ত্রী ছালেহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে মামলা করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177507