কিশোরগঞ্জে বিলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জে বিলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিলে ডুবে মো. নাঈম মিয়া (১১) নামের এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

উপজেলার লোহাজুরি ইউনিয়নের দক্ষিণ লোহাজুরি গ্রামে শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম মিয়া দক্ষিণ লোহাজুরি গ্রামের মরহুম সোলাইমান চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মজলু মিয়ার বড় ছেলে। সে লোহাজুরি ৬৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা অনেকে জানান, সহপাঠীদের সঙ্গে গ্রামের একটি বিলে শুক্রবার দুপুরে গোসল করতে যায় নাঈম। সাঁতার না জানায় সে একটি ভাসমান সহায়ক প্লাস্টিকের বোতল ব্যবহার করে গোসল করছিল। গোসল শেষে বাড়ি ফেরার পথে তার মনে পড়ে, বোতলটি বিলে ফেলে এসেছে। পরে সেটি আনতে একাই বিলে গেলে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায়।

অনেকক্ষণ বাড়ি না ফেরায় সহপাঠীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে নাঈমকে বিল থেকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী রকিব হোসেন ভূঞা বলেন, “নাঈমের পরিবার খুবই দরিদ্র। তার বাবা বাঁশের খাঁচা তৈরি করে বিভিন্ন বাজারে বিক্রি করে সংসার চালান। চার ভাইবোনের মধ্যে নাঈম ছিল সবার বড়। অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করার চেষ্টা করছিলেন তার বাবা। কিন্তু বড় ছেলেটির এমন মৃত্যু সত্যিই হৃদয়বিদারক।”

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177485