আহত যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন রফিক কাজী এমপি

আহত যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন রফিক কাজী এমপি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : ডামি নির্বাচনের আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলন পর্যন্ত আন্দোলনে আহত যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন রফিক কাজী এমপি। তাকে কৃত্রিম পা দেয়ার আশ্বাস।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালের নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনে পুলিশের তাড়া খেয়ে আহত হন আবু হান্নান ঠান্ডু। তিনি বগুড়া সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বরইকান্দি  গ্রামের ইসমাইল খাঁর ছেলে। বর্তমানে তিনি কুতুবপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আহত হয়েও যুবদল নেতা ঠান্ডু জুলাই আন্দোলনে যোগদান করেন।

এতে আহত পায়ের চিকিৎসা তার ঠিকমতো করা হয়নি। উন্নত চিকিৎসা না পাওয়ায় তার পায়ে ইনফেকশন হয়। একসময় তার বাম পা কেটে ফেলতে হয়। তিনি এখন বগুড়া টিএমএসএস রফাতুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার তার চিকিৎসার খোঁজখবর নিতে যান বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

সেখানে তিনি তার শারীরিক অবস্থা পরিদর্শন করে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার চিকিৎসার জন্য যাবতীয় ব্যয় নির্বাহের আশ্বাস প্রদান করেন। যুবদল নেতার চলাচলের জন্য তাকে একটি কৃত্রিম পা দেয়ারও আশ্বাস দেন রফিক কাজী এমপি।

আবু হান্নান ঠান্ডু বলেন, দলের জন্য লড়াই সংগ্রাম করতে এসেই আমি আহত হয়েছি এবং আমার পা হারিয়েছি। সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম আমার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং আমার চিকিৎসার ব্যয়ভার বহন ও কৃত্রিম পা দেয়ার আশ্বাস দিয়েছেন। আমি তাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দেরিতে হলেও দল আমাকে সঠিক মূল্যায়ন করেছে।

এ বিষয়ে রফিক কাজী এমপি বলেন, বিএনপি শুধু কথায় বিশ্বাসী না, তারা কাজে বিশ্বাসী। আমি আহত যুবদল নেতার শারীরিক অবস্থার কথা জানতাম না। জানতে পেরে দ্রুত তার কাছে ছুটে গিয়েছি। তার উন্নত চিকিৎসার সমস্ত ব্যয় আমি বহন করবো এবং তার চলাচলের জন্য একটি কৃত্রিম পা সংযোজন করার ব্যবস্থা গ্রহণ করবো। দুঃসময়ে যারা দলের জন্য কাজ করেছে, তারা দলের সুসময়ে সঠিক মূল্যায়ন পাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177481