রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল যোগ্য প্রার্থী : আসিফ নজরুল
পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই অবস্থায় কে হচ্ছেন দেশের ২৪তম রাষ্ট্রপতি, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (২৪ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে আসিফ নজরুল আরও লিখেছেন, “বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? আমার মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি।”
তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময় বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল দলকে নেতৃত্ব দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে তিনি মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে পরিচিত বলেও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল আরও লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দীর্ঘদিনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছেও তিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।
তিনি আরও বলেন, বিএনপিতে রাষ্ট্রপতি হওয়ার মতো উপযুক্ত আরও অনেকে আছেন। তবে সব দিক বিবেচনায় মির্জা ফখরুল এগিয়ে থাকবেন এবং কোনো রাজনীতিবিদকে রাষ্ট্রপতি করা হলে তিনি সম্ভবত সেরা প্রার্থী হবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177462