শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়েছেন ভারতের ১৫ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। তার বিধ্বংসী ইনিংসের সুবাদে ভারত ৭ উইকেটের সহজ জয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করেছে।

হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে বৈভবের ঝড়ো ব্যাটিংয়ে ভারত মাত্র ১৩.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এই জয়ের মাধ্যমে টানা সাত ম্যাচের হারও কাটিয়ে উঠেছে ভারত।

এটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বৈভবের মাত্র চতুর্থ ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ইনিংসে ১৪, ১৩ ও ১৫ রান করে হতাশ করলেও জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনে নিজের সামর্থ্যের জানান দেন এই কিশোর।

এই ইনিংসের মাধ্যমে একসঙ্গে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন বৈভব। ১৫ বছর ১১৮ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধশতক করে তিনি পূর্ণ সদস্য দেশের হয়ে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ফিফটির নতুন রেকর্ড গড়েছেন। এর আগে এই কীর্তি ছিল ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দখলে, যিনি ১৯৮৯ সালে ১৬ বছর ২১৩ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম ফিফটি করেছিলেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সর্বকনিষ্ঠ ফিফটির রেকর্ড এখন বৈভবের। এর আগে পূর্ণ সদস্য দেশের মধ্যে এই রেকর্ডটি ছিল আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজের, যিনি ২০১৯ সালে ১৭ বছর ২৯৬ দিন বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে অর্ধশতক করেছিলেন।

শুধু পূর্ণ সদস্য দেশ নয়, আইসিসির পূর্ণ ও সহযোগী সদস্য—সব দেশের পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট বিবেচনায়ও ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলা ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন বৈভব সূর্যবংশী। এর আগে এই রেকর্ড ছিল নেপালের কুশল মাল্লার দখলে। তিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৫ বছর ৩৪০ দিন বয়সে ওয়ানডেতে অর্ধশতক করেছিলেন।

মাত্র ১৫ বছর বয়সেই একাধিক বিশ্বরেকর্ড গড়ে বৈভব সূর্যবংশী আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমনের ঘোষণা দিলেন দারুণভাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177413