জুলাই গণ-অভ্যুত্থানের মামলার চার্জশিট বিতর্কে ঘোড়াঘাটে মানববন্ধন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে দায়েরকৃত মামলার মনগড়া চার্জশিট প্রত্যাহার এবং প্রকৃত আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় ঘোড়াঘাট থানা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্ত কর্মকর্তা এস.আই সাব্বির হোসেন ও ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অর্থের বিনিময়ে প্রকৃত আসামিদের বাদ দিয়েছেন। তিনি মামলাটির চার্জশিট বাতিল করে পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সাথে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, পক্ষপাতিত্ব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব সজিব কবির, মামলার বাদি ছাত্রনেতা শহীদ শেখ প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177402