ভারত থেকে আনা ১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম থেকে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা প্রায় ১ কোটি টাকার অবৈধ কাপড় জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত সাহাজুদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (৫০), মৃত আব্দুল সামাদের ছেলে আব্দুল মান্নান (৫৫) এবং তার ছেলে মো. মামুন মিয়া (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) রাতে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বালিকান্দি গ্রামের দুটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ১৭টি বস্তায় রাখা ৬১৮ পিস ভারতীয় কাতান শাড়ি, ১০ পিস স্যুটের থান কাপড় ও ২টি লেহেঙ্গা জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত বাল্কহেড নৌকাও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের কাপড় এনে বালিকান্দি গ্রামে মজুত করে রাখছিল। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা।
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৭টি বস্তাভর্তি ভারতীয় অবৈধ কাপড় ও দুটি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177391