বগুড়ায় ট্রেন থামিয়ে ধরা হলো দুই নারী ছিনতাইকারীকে

বগুড়ায় ট্রেন থামিয়ে ধরা হলো দুই নারী ছিনতাইকারীকে

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ট্রেন থামিয়ে আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার সকালে বগুড়া রেলস্টেশনের অদূরে ট্রেন থামিয়ে ওই দুই নারীকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ। এসময় তারা মোছা: মঞ্জিলা নামে এক যাত্রীর কাছ থেকে একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে ট্রেনে উঠে পালিয়ে যাচ্ছিল। পরে ছিনতাইয়ের বিষয়টি জানতে পেরে স্টেশন ত্যাগ করার আগেই চালক ট্রেন থামিয়ে দিয়ে ওই ছিনতাইকারীদের গ্রেফতারে রেলওয়ে পুলিশকে সহযোগিতা করেন। পরে  রেলওয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো হবিগঞ্জের উচাইল তারিনাত গ্রামের মো. জুয়েলের স্ত্রী লাকি আক্তার (৩০) ও একই এলাকার রুবেলের  নার্গিস আক্তার (২৫)। তারা আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। 

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়ার আব্দুর রহিমের স্ত্রী ভুক্তভোগী মোছা. মঞ্জিলা জানান, গাবতলীতে যাওয়ার জন্য  বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে তিনি বগুড়া রেল স্টেশনে যান। এসময় সান্তাহার থেকে বোনারপাড়া গামী পদ্মরাগ লোকাল ট্রেনটি স্টেশনে পৌঁছে। তখন তিনি দরজা দিয়ে ট্রেনের ভিতরে উঠছিলেন। কিন্তু এসময় ভিড়ের মধ্যে ওই দুই নারী কৌশলে তার গলা থেকে একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে ট্রেনের ভিতর যাত্রীদের ভিড়ে আত্মগোপন চেষ্টা করে।  তিনিও বিষয়টি বুঝতে পেরে তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন এবং সোনর চেইনটি ফেরৎ দিতে বলেন। কিন্তু ওই দুই ছিনতাইকারী সোনার চেইন নেয়নি বলে জানায়।

এসময় তিনি চেইনটি উদ্ধারের জন্য যাত্রীদের সহযোগিতা চান। একপর্যায়ে তাদের সাথে তার ধস্তাধস্তি হয়। এ সময় ট্রেনটি স্টেশন অতিক্রম করে যাচ্ছিল। পরে স্টেশন কর্তৃপক্ষ  বিষয়টি জানতে পেরে ট্রেন চালকে ট্রেন থামাতে বলেন।  ঘটনাটি জানতে পেরে চালক ট্রেন থামিয়ে দেন। পরে রেলওয়ে পুলিশ ওই ট্রেন থেকে ওই দুই নারী ছিনতাইকারীকে গ্রেফতার করে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান বলেন, এক নারী যাত্রীর কাছ থেকে সোনার চেইন ছিনতাই এর অভিযোগে ওই দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে ছিনতাই করা সোনার চেইনটি উদ্ধার করা সম্ভব হয়নি। সম্ভবত ট্রেনে  তাদের আরো সদস্য ছিল। হাত বদলের মাধ্যমে চেইনটি নিয়ে যাওয়া হযেছে।  

চেইনটি উদ্ধারে চেষ্টা চলছে। এর আগেও এ ধরণের আরো একটি ঘটনায় কয়েকদিন আগে  ছিনতাইকারী চক্রের আরো তিন নারী সদস্যকে গ্রেফতার করা হয়। এ নিয়ে দুটি সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত মোট ৫ নারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হলো।

তিনি বলেন, ট্রেন যাত্রীদের কাছ থেকে চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ন্ত্রণে বগুড়ায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, তবে চক্রটি অত্যন্ত সুসংগঠিত এবং বেপরোয়া। তারা চলন্ত ট্রেনে হঠাৎ উঠে অপরাধ সংঘটন করে দ্রুতই পালিয়ে যায়, ফলে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে যাত্রীরা থানায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া যায় না। আইনী ঝামেলা মনে করে ভুক্তভোগীদের অনেকে থানায় মামলা করেন না। 
 তিনি আরো বলেন, ‘ট্রেনকেন্দ্রিক চুরি-ছিনতাই প্রতিরোধে বগুড়ায় রেলওয়ে পুলিশ তৎপর রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177371