বগুড়ার ধুনটে ইয়াবাসহ নারী নির্যাতন মামলার আসামি গ্রেফতার

বগুড়ার ধুনটে ইয়াবাসহ নারী নির্যাতন মামলার আসামি গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে শরিফুল ইসলাম শরিফ (৪৩) নামে নারী নির্যাতন মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। 

বৃহস্পতিবার দুপুরের পর ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এরআগে গত বুধবার রাত প্রায় ৩টায় উপজেলার তারাকান্দি ব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়। শরিফ উপজেলার তারাকান্দি গ্রামের হাফিজার মন্ডলের ছেলে। সে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০২৩ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।   

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে তারাকান্দি ব্রিজের নিচে দাঁড়িয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবা ট্যাবলেটসহ শরিফকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177368