সরকারের রাজস্ব আয় জনগণের উন্নয়নে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফিরে আসে  

সরকারের রাজস্ব আয় জনগণের উন্নয়নে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফিরে আসে  

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, এনডিসি বলেছেন, সরকারের রাজস্ব আয় জনগণের উন্নয়নে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফিরে আসে। দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের একটি সমন্বিত ও হালনাগাদ ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যেই নৌযান শুমারি পরিচালিত হতে যাচ্ছে। শুমারির মাধ্যমে নৌযানের প্রকৃত সংখ্যা, ধরণ, মালিকানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।

যা ভবিষ্যতে নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করা, কার্যকর পরিকল্পনা প্রণয়ন, নীতিনির্ধারণ এবং নৌখাতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুমারির তথ্য নৌপথে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ, নৌযান নিবন্ধন ব্যবস্থার উন্নয়ন এবং নৌচলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হবে। 

শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। একই সঙ্গে বিভাগীয় কমিশনার রংপুরের গাইবান্ধা, কুড়িগ্রাম জেলাসহ সকল জেলা প্রশাসকদের সার্বিক সমন্বয়ের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে দেশব্যাপী নৌযান শুমারি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে অবহিতকরণ সেমিনারে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আবু জাফর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও শুমারির উদ্দেশ্য, কর্মপদ্ধতি এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ শফিকুল ইসলাম।

সভায় রংপুর বিভাগের সকল জেলা প্রশাসক, জেলা পর্যায়ের পরিসংখ্যান কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, নৌযান শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী পরিচালিত হবে। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177358