গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে আদালতের কার্যক্রম চলাকালে বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবীশ আইনজীবীর মাথা ফেটে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা আদালত চত্বরসহ শহরের কয়েকটি সড়কে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

বিচারকের এমন অপ্রত্যাশিত কাণ্ডের জন্য আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বিক্ষোভ মিছিল শেষে আদালত চত্বরে অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মিলন শরীফ, অ্যাডভোকেট রোকাইয়া আক্তার রুপাসহ অনেকে বক্তব্য দেন।

আইনজীবীরা বলেন, এ ধরনের ঘটনা যে বিচারক ঘটাতে পারেন, তার আর এখানে বিচার কাজ পরিচালনা করার অধিকার নাই। তারা ওই বিচারকের দ্রুত অপসারণ ও শাস্তির দাবি জানান।

গতকাল বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়ার আদালত চলাকালে আদালতে বসার বেঞ্চের পেছনের দিকে আইনজীবী ও বিচারপ্রার্থীর স্বজনরা কথা বলছিলেন। প্রথমে বিচারক সুজন মিয়া তাদের কথা না বলার জন্য টেবিলে জোরে জোরে শব্দ করেন।

এরপরও তারা কথা বলায় বিচারক মো. সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে তাদের লক্ষ্য করে কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। পেপার ওয়েটটি শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লাগলে তার মাথা ফেটে যায়। এ অবস্থায় তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177334