প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়লো

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়লো

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই বিশেষ সুযোগ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নির্বিঘ্নে চালু রাখতে এবং জনস্বার্থের কথা বিবেচনা করে আগের আদেশের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।

এর ফলে বিদেশে থাকা যেসব বাংলাদেশির পাসপোর্টে নাম, জন্ম তারিখ, বাবা-মায়ের নাম বা অন্য কোনো তথ্য সংশোধনের প্রয়োজন আছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর আবেদন করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ৮ জুলাই জারি করা আদেশের মেয়াদ ছিল ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। সর্বশেষ সিদ্ধান্তে সেই সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, দেশের সব বাংলাদেশ মিশন এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177332