সুয়ারেজের জোড়া গোলে মেসিবিহীন মায়ামির জয়
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বিশ্রামে থাকা লিওনেল মেসির অনুপস্থিতিতে লুইস সুয়ারেজের জোড়া এবং শেষ মুহূর্তের গোলে শিকাগো ফায়ারকে ৩-২ ব্যবধানে হারিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) দারুণভাবে ফিরেছে ইন্টার মায়ামি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে অনুষ্ঠিত ম্যাচটি ছিল বিশ্বকাপ বিরতির পর ইন্টার মায়ামির প্রথম লিগ ম্যাচ। একই সঙ্গে এটি ছিল সুয়ারেজের মায়ামির জার্সিতে ১০০তম ম্যাচ। সেই মাইলফলকের ম্যাচটি দুই গোল করে স্মরণীয় করে রাখলেন অভিজ্ঞ উরুগুইয়ান ফরোয়ার্ড। অন্যদিকে, শিকাগো ফায়ারের হয়ে এটি ছিল রবার্ট লেভানদোভস্কি অভিষেক। বিশ্বকাপ চলাকালীন স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে এমএলএসে যোগ দেয়া পোলিশ তারকার প্রথম ম্যাচটি শেষ পর্যন্ত পরাজয় দিয়েই শুরু হলো।
ম্যাচের শুরুতেই অপ্রত্যাশিতভাবে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। ১৭ মিনিটে ডিফেন্ডার ইয়ান ফ্রের ব্যাক পাস সহজেই সামাল দেয়ার সুযোগ ছিল গোলরক্ষক রিওস নোভোর। কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে বড় ধরনের ভুল করেন তিনি। ধীরগতিতে গড়িয়ে আসা বল তার পায়ের ফাঁক গলে জালে ঢুকে গেলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় শিকাগো। তবে সেই ধাক্কা সামলে উঠতে বেশি সময় নেয়নি মায়ামি। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান সুয়ারেজ। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও আঘাত হানেন তিনি। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন উরুগুইয়ান এই স্ট্রাইকার।
শিকাগো অবশ্য দ্রুত ম্যাচে ফিরে আসে। ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা পুসো দিথেয়ান মাত্র পাঁচ মিনিটের মাথায় গোল করে স্কোরলাইন ২-২ করেন। এরপর ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে আবারও পার্থক্য গড়ে দেন সুয়ারেজ। নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে তার নেয়া শট শিকাগোর গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে দ্রুত ঝাঁপিয়ে পড়ে জালে পাঠান প্রেস্টন প্লামব্যাক। সেই গোলেই ৩-২ ব্যবধানের নাটকীয় জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।
এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১৬ ম্যাচ শেষে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি। একই সংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ন্যাশভিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177311