দিল্লিতে আবারও বন্ধ ইন্টারনেট, পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক : ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনকে ঘিরে ভারতের রাজধানী দিল্লিতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে। একই সঙ্গে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২২ জুলাই) নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও জন্তর মন্তরে মূল আন্দোলনস্থল শান্ত ছিল, তবে সংসদ মার্গ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। জবাবে আন্দোলনকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। একপর্যায়ে কনট প্লেসের প্রধান রেডিয়াল রোড ধরে তারা পুলিশ সদস্যদের ধাওয়া দেয়।
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন দুইজন সহকারী পুলিশ কমিশনার (এসিপি), একজন পরিদর্শক (ইনস্পেক্টর), একজন হেড কনস্টেবল এবং একজন কনস্টেবল।
পার্ক হোটেল এলাকার কাছে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ অতিরিক্ত টিয়ারশেল নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
এদিকে, জনপথের টলস্টয় মার্গ প্রবেশপথ থেকে এনডিএমসি কনভেনশন সেন্টার পর্যন্ত কিছু সময়ের জন্য নিরাপত্তা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি কম থাকলেও পরে সেখানে দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জামে সজ্জিত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177297