পিকআপ চালকের ইটের আঘাতে ৩১ দিন পর পাম্প কর্মচারীর মৃত্যু

পিকআপ চালকের ইটের আঘাতে ৩১ দিন পর পাম্প কর্মচারীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি : পিকআপ চালকের ইটের আঘাতে আহত হওয়ার ৩১ দিন পর জয়পুরহাটে এক পেট্রোল পাম্প কর্মচারীর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ আঘাত নাকি অসুস্থতা, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত করাতে চায় পুলিশ। অন্যদিকে, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পেতে আবেদন জানিয়েছেন নিহতের স্বজনরা। নিহত অরুণ কুমার দেবনাথ (৫২) জয়পুরহাট শহরের সবুজনগরের বাসিন্দা। তিনি পুরানাপৈল আরাফাত ফিলিং স্টেশনের কর্মরত ছিলেন।

মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ জুন বিকেলে আরাফাত ফিলিং স্টেশনে পিকআপ নিয়ে তেল নিতে আসেন লাভলু নামের এক চালক। বিদ্যুৎ না থাকায় ডিউটিতে থাকা অরুণ তাকে অপেক্ষা করতে বলেন। চালক জেনারেটর চালুর দাবি জানালে অরুণ জানান, মালিকের অনুমতি ছাড়া তা সম্ভব নয়। এতে ক্ষিপ্ত হয়ে লাভলু তাকে গালিগালাজ করেন এবং ইট দিয়ে আঘাত করেন।

গুরুতর আহত অরুণকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতাল এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও কিছুদিন পর পুনরায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আবার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৩১ দিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাতিজা শ্রবন দেবনাথ জয়পুরহাট থানায় মামলা করেন।

নিহতের ভাতিজা শ্রবণ দেবনাথ বলেন, হামলার পরপরই মামলা করেছি। কিন্তু পুলিশ আসামিকে গ্রেপ্তারে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এতে আমরা চরম হতাশ। এ কারণেই লাশের ময়নাতদন্ত করতে চাই না।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, স্বজনরা অসুস্থতার কারণ দেখিয়ে ময়নাতদন্ত না করার অনুরোধ করেছেন। তবে তদন্তের স্বার্থে আগের আঘাতের কারণে মৃত্যু হয়েছে কি-না, তা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি। আইনি বাধ্যবাধকতা বুঝিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করার চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177270