বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা, কারাগারে স্ত্রী

বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা, কারাগারে স্ত্রী

পটুয়াখালীর বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক ও নির্যাতনের মামলা দায়েরের অভিযোগে আকলিমা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (২২ জুলাই) দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, আকলিমা বেগমের স্বামী আলমগীর হোসেন দুমকি উপজেলার বাসিন্দা। প্রায় দুই বছর আগে আলমগীরের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা করেন আকলিমা। পরে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়। একই সঙ্গে তাদের বিচ্ছেদও ঘটে। এরপর আকলিমা তাদের একমাত্র সন্তানকে নিয়ে বাউফল পৌর শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

সম্প্রতি সন্তান অসুস্থ হওয়ার খবর পেয়ে আলমগীর বাউফলে আসেন। সেখানে সন্তানের সঙ্গে কথা বলার সময় আকলিমার লোকজন তার ঘরে প্রবেশ করে তাকে ঘিরে ফেলেন বলে অভিযোগ করা হয়। পরে জোরপূর্বক দ্বিতীয় দফায় আকলিমার সঙ্গে আলমগীরের বিয়ে দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ওই বিয়ের কাবিননামা ব্যবহার করে আকলিমা ফের পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আলমগীরের বিরুদ্ধে মামলা করেন। তবে আদালত শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন।

এরপর মিথ্যা অভিযোগে হয়রানি করার অভিযোগ তুলে আকলিমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন আলমগীর। বিষয়টি আমলে নিয়ে আদালত সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরে আদালতের ওই পরোয়ানার ভিত্তিতে পুলিশ আকলিমা বেগমকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে আকলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177216