ময়মনসিংহে গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে ময়মনসিংহের দিঘারকান্দা বাইপাস এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা।
আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে দুপুর ১২টা ৪০ মিনিটে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও তাঁরা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। গ্যাস সংকটের কারণে নিয়মিত গাড়ি চালাতে না পারায় আয়-রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে পরিবার-পরিজনের ভরণপোষণ, সন্তানদের লেখাপড়ার ব্যয় এবং গাড়ির কিস্তি পরিশোধে তাঁরা মারাত্মক সংকটে পড়েছেন।
ত্রিশালের অটোরিকশাচালক লাল মিয়া বলেন, গ্যাস না থাকলে আগে থেকেই পাম্পে নোটিশ দেওয়া উচিত। একজনকে গ্যাস দিয়ে আরেকজনকে বঞ্চিত করার কোনো যৌক্তিকতা নেই। গফরগাঁওয়ের চালক জনি মিয়া বলেন, গ্যাস ছাড়া গাড়ি চালানো সম্ভব নয়। দ্রুত সমস্যার সমাধান না হলে তাঁদের জীবন-জীবিকা আরও কঠিন হয়ে পড়বে।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে জামালপুর, নেত্রকোনা ও শেরপুরগামী শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। যাত্রীরা দ্রুত গ্যাস সংকটের স্থায়ী সমাধানের পাশাপাশি জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
ময়মনসিংহ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) গোলাম মাওলা তালুকদার জানান, আন্দোলনকারীদের প্রথমে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানো হলেও পরে তারা পুনরায় সড়কে অবস্থান নেন। শেষ পর্যন্ত আলোচনা শেষে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।