রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
রাজধানীর সবুজবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পলাশ (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাতে রাজারবাগ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন। স্থানীয় সূত্রে তিনি বিএনপির কর্মী বলে জানা গেলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে রাজারবাগ বাজারের পানির পাম্পসংলগ্ন একটি মুদিদোকানের সামনে বসে ছিলেন পলাশ। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পলাশ বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, সবুজবাগ এলাকায় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসেছে। ঘটনার বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে কাজ চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177138